মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গ্রামীণ সড়কগুলোতে রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে মাটির হাড়ি পাতিল বিক্রি দীর্ঘদিনের এক পরিচিত দৃশ্য। আধুনিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের ভিড়েও গ্রামীণ জনপদে মাটি তৈরি তৈজসপত্রের চাহিদা যে ফুরিয়ে যায়নি তার জলজ্যান্ত প্রমান মোঃ মুত্তালিব। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্যবসার হাল ধরে রেখেছেন। ক্রেতাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে প্রতিদিন তিনি গড়ে প্রায় ১০০ কিলোমিটার ভ্যান চালিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান।
তার ভ্যানে সাজানো থাকে মাটির তৈরি বিভিন্ন ধরনের কলসি, হাঁড়ি, পিঠার ছাঁচ, খোলা, ঢাকুন ইত্যাদি তৈজসপত্র। মুত্তালিব এর কাছ থেকে কেনা মাটির কলসির ঠান্ডা পানি এবং হাঁড়ির রান্নার স্বাদ গ্রামীণ মানুষের কাছে আজও সেরা। মধ্য ও নিম্নবিত্ত পরিবারের জন্য এই পরিবেশবান্ধব পাত্রগুলো এখনো অত্যন্ত সাশ্রয়ী ও আকর্ষণীয়। পূজা-পার্বন ও লোকজ উৎসবে মুত্তালিবের আনা মাটির পাত্রের চাহিদা থাকে ব্যাপক। গ্রামীন এলাকার প্রত্যন্ত সড়কে প্রতিদিন গড়ে ১০০ কিলোমিটার ভ্যান নিয়ে ঘুরে বেড়ানো মুত্তালিব কেবল একজন বিক্রেতা নন, তিনি গ্রামীন লোকজ শিল্পের হাজারো বছরের জীবন্ত বাহক। মুত্তালিবের মত দীর্ঘজীবী ও পরিশ্রমি মৃৎশিল্পীদের টিকিয়ে রাখতে তার মাটির তৈরি তৈজপত্র ক্রয় করা সকলের উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
মাটির হাড়ি পাতিল তৈরি ও বিক্রি কেবলই একটি পেশা নয়, এটি গ্রামীণ জনপদে শত বছরের লোকজ শিল্প, সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের ধারক। এটিকে টিকিয়ে রাখতে হলে সরকারি-বেসরকারি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরী বলে মনে করেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-নাচোল উপজেলা শাখার সম্পাদক মোঃ হেলাল উদ্দীন।