চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গোবরাতলা ইউনিয়নের সরজন থানতলা মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন, সাবেক প্যানেল চেয়ারম্যান ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদ, এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো: তাসেম আলী।
এ সময় তিনি বলেন, “আমরা জনগণের মাঝে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। যতদিন বেঁচে থাকব, ততদিন এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাব।”
জনগণের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সভায় গোবরাতলা ইউনিয়নের উন্নয়নে প্রায় ৬০ লাখ টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। মোঃ হারুনুর রশিদ, সাবেক এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সার্বিক সহযোগিতায় চলতি অর্থবছরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
এর মধ্যে সরজন থানতলা, বাঙালি পাড়া ও গোরস্থানের রাস্তার কাজ চলতি সপ্তাহেই শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়। এছাড়া গোবরাতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অন্যান্য উন্নয়নমূলক কাজ চলতি মাসের মধ্যেই শুরু করার কথা জানানো হয়।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে তাঁর পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সমর্থন কামনা করেন সাবেক প্যানেল চেয়ারম্যান ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদ, এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো: তাসেম আলী।