মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে স্বীয় পদে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ইতোপূর্বে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন জেলা ও উপজেলার যুবদলের ১১ নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে বহাল করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের খবরে তাঁর রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কার্যক্রমে নতুন করে গতি সঞ্চারের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।