ফ্রান্সে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান ঘিরে প্রকাশ্যে এসেছে ফ্রান্স বিএনপির অভ্যন্তরীণ বিরোধ। আমন্ত্রণপত্র বিতরণে অনিয়মের অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কট করেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের। অন্যদিকে যুবদলের নেতাদের আমন্ত্রণ নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এ নিয়ে দলটির বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে প্রবাসে বিএনপির সাংগঠনিক ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
গত ২৩ নভেম্বর প্যারিসের ১৬তম অ্যারোঁদিসমঁর সিটি হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস সূত্রে জানা গেছে, অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ২০০ জন। সূত্রটির দাবি, এম এ তাহের একাই প্রায় ১৯৮ জনের একটি অতিথি তালিকা দূতাবাসে জমা দিয়েছিলেন। নির্ধারিত আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে ওই তালিকা সম্পূর্ণভাবে গ্রহণ করা দূতাবাসের পক্ষে সম্ভব ছিল না। এ ছাড়া নিজ দলের গুরুত্বপূর্ণ কয়েকজন সাবেক নেতার নামও অতিথি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এম এ তাহের দূতাবাসকে অনুরোধ করেছিলেন বলে সূত্রটি জানিয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। তবে ফ্রান্স বিএনপির পরিচিত কয়েকজন নেতাকে অনুষ্ঠানে দেখা যায়নি।
অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের। তিনি লেখেন, ‘স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেওয়ার মানসিকতা আমি রাখতে পারি না। তাই আজকের অনুষ্ঠান আমি বয়কট করছি।’
তবে কার স্বেচ্ছাচারিতা কিংবা কোন ঘটনার প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত কিছু জানাননি।
এ বিষয়ে জানতে চাইলে এম এ তাহের বলেন, দীর্ঘদিন ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে প্রবাসে বিএনপির রাজনীতি সংগঠিত করার পরও কয়েকটি কারণে তাঁকে সশস্ত্র বাহিনী দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠান বয়কট করতে হয়েছে। তাঁর অভিযোগ, অনৈতিক ও অস্বচ্ছ প্রক্রিয়ায় দূতাবাসের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া দূতাবাসের একজন কর্মকর্তা দলের এক নেতাকে অন্য নেতার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন।
ওই কর্মকর্তার বিরুদ্ধে ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগও করেন তিনি। এসব বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলে জানান এম এ তাহের।
আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে এম এ তাহেরের অভিযোগের বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলে রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দূতাবাস কর্তৃপক্ষ।
তবে ফ্রান্স বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি করেছেন অনুষ্ঠানে উপস্থিত দলটির সাবেক সহসভাপতি মাহবুব আলম রাঙা। তাঁর মতে, শেষ মুহূর্তে সবার সঙ্গে আলোচনা না করেই দলটির একটি পক্ষ অনুষ্ঠানে অংশ নেয়নি।
রাঙা বলেন, ‘আসলে শেষ মুহূর্তে সবার সঙ্গে আলোচনা না করেই তাহের সাহেব অংশ নেননি। কী কারণে তিনি অনুষ্ঠান বয়কট করেছেন, সেটি তিনি ভালো বলতে পারবেন। ছোটখাটো ভুলত্রুটি হচ্ছে। ভবিষ্যতে সেগুলো শুধরে আমরা ঐক্যবদ্ধভাবে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার চেষ্টা করব।’
ফ্রান্স বিএনপির সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরে রাঙা বলেন, বর্তমানে নেতাকর্মীরা আগের তুলনায় বেশি সুসংহত ও ঐক্যবদ্ধ। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সবাইকে একসঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। দলটির মধ্যে বিভক্তির অভিযোগ নাকচ করে তিনি বলেন, এবার বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি তাঁরা ঐক্যবদ্ধভাবে পালন করেছেন। ফ্রান্স বিএনপিতে কোনো বিভক্তি আছে বলে তাঁর জানা নেই। প্রবাসে কেউ কেউ ব্যক্তিগত কারণে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদও। তিনি জানান, আমন্ত্রণপত্র পেলেও জরুরি পারিবারিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা ও শক্তিশালী করতে ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন বলে জানান তিনি।
এদিকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ঘিরে জাতীয়তাবাদী যুবদলের ফ্রান্স শাখার নেতাকর্মীদের আমন্ত্রণ নিয়েও জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও অনুষ্ঠানে দেখা যায়নি।
যুবদল নেতা আহমেদ মালেকের দাবি, আমন্ত্রিত অতিথিদের তালিকা থেকে যুবদলের নেতাকর্মীদের নাম বাদ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘ফ্রান্স বিএনপির একজন নেতার অবৈধ হস্তক্ষেপে যুবদলের সবার নাম অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বলে আমরা দূতাবাস থেকে জানতে পারি। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে অবগত করি। পরবর্তী সময়ে দূতাবাস যুবদলের নেতাকর্মীদের আমন্ত্রণপত্র দিতে রাজি হলেও শেষ মুহূর্তে প্রস্তুতির অভাবে আমাদের পক্ষে অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে দূতাবাস আমাদের প্রতি আন্তরিক ছিল।’
এম এ তাহেরের অনুষ্ঠান বয়কটের কারণ সম্পর্কে জানতে চাইলে আহমেদ মালেক বলেন, ‘তাহের ভাই কেন অনুষ্ঠানে যাননি, সেটি আমি বলতে পারব না। যেহেতু ফ্রান্স বিএনপির কোনো কমিটি নেই, সে ক্ষেত্রে এখানে গ্রুপ ও উপগ্রুপ থাকা স্বাভাবিক।’
দলীয় কোন্দলের কারণে তাঁকে আটকে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলেও দাবি করেন মালেক।
তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন শিগগিরই ফ্রান্স বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত দূতাবাসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোনো একক ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে বিএনপির সব জ্যেষ্ঠ নেতার সঙ্গে সমন্বয় করে আমন্ত্রণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
মালেক বলেন, ‘সামনের কমিটিতে যাঁরাই নেতৃত্বে আসবেন, তাঁদের অনুসরণ করবে যুবদল। এটাই আমাদের দলীয় শৃঙ্খলা।’
ফ্রান্স বিএনপির নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দূতাবাসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দলটির বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।