
মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সমবায়ী সংগঠনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে এবং এভারব্রাইট ফাউন্ডেশনের সভাপতি তপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ইউছুফ নিজামী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রণবেশ মহাজন, চিকিৎসক তপন চন্দ্র বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান হোসেন।
এ সময় সমবায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড সদর বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন রফিক, কাঠগড় রাজা আম্বিয়াঢালা সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, সাবেক কমিশনার ও বর্তমান প্রার্থী মোঃ সেলিম উদ্দিন, সমবায়ী নূরুল ইসলাম, সীতাকুণ্ড শিপ ব্রেকিং অয়েল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুন্নবী, প্রগতি ইন্ডাস্ট্রিয়াল কর্মচারী সমবায় সমিতির পক্ষে গোলাম সাদেক এবং শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মোঃ সফিউল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। সমবায় ব্যবস্থা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।
এ সময় সমবায়ী নেতারা সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহজ শর্তে ও সুদবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদান ও ভালো কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সাতটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—সীতাকুণ্ড ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, সীতাকুণ্ড পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, এভারব্রাইট ফাউন্ডেশন সমবায় সমিতি, মৈত্রী সার্বিক গ্রাম উন্নয়ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, অদম্য শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডসহ মোট সাতটি সমবায় প্রতিষ্ঠান।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Leave a Reply