
মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে চুরির চেষ্টাকালে স্থানীয় তিনজনকে আটক করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মাসুদ (ভোলা), পিতা জেবল আলী; আরিদ, পিতা নুর নবী এবং রিপন, পিতা এখলাস মিয়া। তাঁদের সবার বাড়ি কুমিরা এলাকায়।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘবদ্ধ একটি চোরের দল ফায়ার স্টেশনের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের সদস্যরা সিসিটিভি ক্যামেরায় তাদের গতিবিধি দেখতে পান। পরে স্টেশনের কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply