
মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো. তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে এবং ধর্মীয় শিক্ষক হাফেজ মো. ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মো. নিজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মো. আলা উদ্দিন, মো. মুসলিম উদ্দিন ও এম. এ. মান্নান জিকু।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে বর্ণিল ক্লাস পার্টি। শিক্ষকদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতের তালে নৃত্য এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মাস্টার মো. তৈয়ব উদ্দিন বলেন, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এমন আয়োজন করা সম্ভব হয়েছে। বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে শিক্ষকরা শ্রম, মেধা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। এ জন্য তিনি সকল শিক্ষককে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাস পার্টি আয়োজনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে আগামী শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু এবং পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তবে বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোনের প্রতি অতিরিক্ত আসক্তি উদ্বেগের বিষয়। এর পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, একটি জাতির সামগ্রিক পরিচয় তার সংস্কৃতির মধ্য দিয়ে ফুটে ওঠে। ক্রীড়া ও সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এগুলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক বন্ধুত্ব, শৃঙ্খলা ও ঐক্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply