
মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকের ভয়াবহতা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের টাকাহারা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নাচোল থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের বিট অফিসার ও নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান। এ সময় তিনি সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র পুলিশি অভিযানে নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাই পারে মাদক নির্মূল করতে। আপনার এলাকায় মাদকের কোনো তথ্য থাকলে নির্ভয়ে পুলিশকে জানান, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”
উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Leave a Reply