
মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীদের মেধা বিকাশ, ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে Thinkwell English School-এর উদ্যোগে পৌরসভা ও উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সীতাকুণ্ড সদরস্থ হোটেল ৯৯ ভবনে অবস্থিত Thinkwell English School-এর আয়োজনে এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন Thinkwell English School-এর ভাইস চেয়ারম্যান মোঃ সামছুল হুদা, প্রিন্সিপাল কাউছার রহমান, পরিচালক হাসান মাহমুদ, জয়নাল আবেদীন কাউন্সিল, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক এসএম ইকবাল ও সাংবাদিক জামশেদ আলম।
এ সময় বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মোঃ সামছুল হুদা বলেন, সীতাকুণ্ডে বাংলা ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হলেও ইংরেজি ভাষায় দক্ষতার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী পিছিয়ে রয়েছে। ফলে উচ্চশিক্ষা, বিশেষ করে দেশের উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। শিক্ষার্থীদের এ সীমাবদ্ধতা দূর করে আন্তর্জাতিক মানের শিক্ষায় এগিয়ে নেওয়ার লক্ষ্যেই Thinkwell English School প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরও বলেন, এ বৃত্তি পরীক্ষা শুধু আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নয়; বরং উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অতিরিক্ত জ্ঞান অর্জনের একটি ইতিবাচক উদ্যোগ।
বিদ্যালয়ের প্রিন্সিপাল কাউছার রহমান বলেন, Thinkwell English School সীতাকুণ্ডে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। এখানে ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও মানোন্নয়নে অভিভাবকদের সন্তুষ্টি আমাদের অনুপ্রেরণা। আজকের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, প্রতিযোগিতামূলক মনোভাব ও মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
প্রতিষ্ঠানের পরিচালক জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত সন্তোষজনক। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply