
মোঃআশরাফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় জেলা জামায়াতের উদ্যোগে শহরের পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর সমাবেশ সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ ও মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আওয়ামী লীগ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা কখনো সফল হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় রাখতেই এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করতে মাঠে নামবে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তির মোড়ে গিয়ে শেষ হয়।
মোঃআশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ
Leave a Reply