
মোঃ হেলাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অমর পঙ্ক্তির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল খ্যাত নাচোল উপজেলার কসবা ইউনিয়নের রানীদিঘি গ্রামের ফসলের মাঠে। দীর্ঘ ছয় মাসের হাড়ভাঙা পরিশ্রম আর প্রতীক্ষার পর এই গ্রামে শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) নারী ও পুরুষ কৃষকরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমেছেন সোনালি ফসল ঘরে তোলার কাজে।
সরেজমিনে রানীদিঘি গ্রামের বিস্তীর্ণ মাঠ ঘুরে দেখা যায়, চারদিকে পাকা আমন ধানের সোনালি আভা। ভোরের আলো ফোটার সাথে সাথেই কাস্তে হাতে মাঠে নেমে পড়ছেন আদিবাসী নারী ও পুরুষ শ্রমিকরা। একদিকে পুরুষরা ধান কাটছেন, অন্যদিকে নারীরা সমানতালে ধান কাটা ও আঁটি বাঁধার কাজে অংশ নিচ্ছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে কাজের ফাঁকে ফাঁকে তাদের চোখেমুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি।
মাঠে কর্মরত রানীদিঘি গ্রামের কয়েকজন আদিবাসী নারী ও পুরুষ কৃষক জানান, আমন মৌসুমের শুরু থেকে বীজতলা তৈরি, চারা রোপণ, নিড়ানি ও সার প্রয়োগ—সব কাজেই তারা একসাথে শ্রম দিয়েছেন। এবার ধানের ফলন ভালো হওয়ায় তাদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। এভাবেই একের পর এক মাঠের ধান কেটে গোলা ভরার স্বপ্ন দেখছেন তারা।
এ বিষয়ে নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, “বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও পুরুষদের যৌথ শ্রম অত্যন্ত প্রশংসনীয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে পরিচর্যা করার ফলে কসবা ইউনিয়নসহ পুরো উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। আশা করছি, কৃষকরা ধানের ভালো ফলন ও ন্যায্যমূল্য পেয়ে লাভবান হবেন।”
Leave a Reply