
মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, “কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে কঠোর সাধনার কোনো বিকল্প নেই।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সীতাকুণ্ডের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করার মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত ও মনোযোগী অধ্যবসায় প্রয়োজন। প্রত্যেক শিক্ষার্থীকে সকালে দুই ঘণ্টা এবং সন্ধ্যায় দুই ঘণ্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রাশেদ মোহাম্মদ ইকবাল, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ মোরসালিন, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন ও সালেহ আহমেদ সুলু, এডহক কমিটির সদস্য মোঃ ইলিয়াছ হোসেন ইকবাল এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দে। এ ছাড়া অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী ও পারভিন আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ১৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ২৫ জন জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষার্থীর হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
Leave a Reply