
স্টাফ রিপোর্টার আবু রায়হান, রাজশাহী।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহীর দুর্গাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেনকে(৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাঁকে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীপুর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর হোসেন দুর্গাপুর পৌরসভার হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০২০ সালে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সরাসরি রাজনীতি থেকে বিরত ছিলেন আলমগীর। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীকে নিয়ে ব্লগ ভিডিও তৈরি করতেন তিনি।
এদিকে আলমগীরের গ্রেপ্তারের পর তাঁর স্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক আবেগঘন পোস্ট দিয়েছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এই একটা রাত আমার কাছে এক বছরের রাতের সমান ভারী।’ অন্য একটি পোস্টে লিখেছেন, ‘আবারার কে কিভাবে বুঝাবো। আর আমি নিজেই বা কিভাবে ধৈর্য ধরবো মাথাটা ফেটে যাচ্ছে।’
এ ছাড়া আলমগীরের গ্রেপ্তারের ঘটনায় তাঁর স্ত্রীর এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, আলমগীর হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাঁকে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply